চিংড়িতে অপদ্রব্য পুশের বিরুদ্ধে খুলনার পাইকগাছায় অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি কেনাবেচার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২৫ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুরে পাইকগাছা পৌর সদরের চিংড়ি বিপণন কেন্দ্রে এ অভিযান পরিচালিত হয়।
মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় পরিচালিত অভিযানে চিংড়ির গুণগত মান, সংরক্ষণ পদ্ধতি ও বিক্রির পরিবেশ পরিদর্শন করা হয়। অভিযানে অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। তাঁর সঙ্গে খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. হাফিজুর রহমান ও মো. আমিনুল ইসলাম ছিলেন।
অভিযানকালে বাংলাদেশ নৌ পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধ এবং ভোক্তাদের কাছে নিরাপদ ও মানসম্মত মৎস্যপণ্য পৌঁছে দিতে নিয়মিত তদারকি করা হচ্ছে। চিংড়ির মান নিয়ে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স